জাহান্নামের আগুনে পুড়ছেন মার্ক্স-এঙ্গেলস!
আরটিএনএন
পডগরিকা: যুগোশ্লাভিয়ার সাবেক কমিউনিস্ট নেতা যোসিপ ব্রজ টিটোর (মার্শাল টিটো) সঙ্গে দোজখের আগুনে পুড়ছেন কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস!
মন্টিনেগ্রোর রাজধানী পডগরিকার একটি গির্জার দেয়ালে আঁকা একটি চিত্রে এমনটিই প্রদর্শন করা হচ্ছে। খবর বিবিসি ও এএফপি’র।
এ বিষয়ে দ্রাগান নামের গির্জার এক কর্মকর্তা বলেন, ‘মার্ক্স, এঙ্গেলস এবং টিটো বলকান অঞ্চলে কমিউনিস্ট শয়তানের উদাহরণে পরিণত হয়েছেন। তাই চিত্রকর যেভাবে তাদের দেখেন তা প্রকাশ করার স্বাধীনতা তাকে দেয়া উচিত।’
তবে তিনি বলেন, ‘কে দোজখে যাবে আর কে বেহেশতে যাবে, গির্জার নামে তা বিচার করার তিনি কেউ নন।’
নতুন তৈরি করা গির্জাটি ইতোমধ্যেই এর জমকালো নকশার জন্য সমালোচনার মুখে পড়েছে।
দোজখে মার্ক্স, এঙ্গেলস- গির্জার দেয়ালে এমন চিত্র দেখার পর সমালোচকরা এখন বলছেন, রাজনীতিতে নাক গলানো গির্জাটির উচিত হয়নি।
দেয়ালচিত্রটির (ফ্রেসকো) শিল্পীর নাম প্রকাশ করা হয়নি। দেয়ালচিত্রটি নিয়ে ইতোমধ্যে গির্জায় আগতদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে।
মিলোস নামের একজন বলেন, ‘কমিউনিস্টরা অনেক পাপ করেছে। মার্ক্স, এঙ্গেলসের দর্শনের নামে তাদের অনুসারিরা অনেক মানুষকে খুন করেছে।’
অপরদিকে, আইনজীবী রাদেত স্টানকোভিচ বলেন, ‘ধর্মনিরপেক্ষ বিশ্বে গির্জার অনুপ্রবেশ করা ঠিক না এবং কে দোজখে ও কে বেহেশতে যাবে তা ঠিক করাও তাদের কাজ না।’
মন্টিনিগ্রোর এই গির্জার দেয়ালটিতেই শুধু বিশ শতকের ইতিহাস তুলে ধরা হয়েছে। মন্টিনেগ্রোর আরেকটি গির্জার দেয়ালচিত্রে হিটলার, লেনিন ও টিটোকে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী জুডাসের সঙ্গে দেখানো হয়েছে।
Comments
Post a Comment