রংপুর মিঠাপুকুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

৩১ জানুয়ারি,২০১৪
নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
রংপুর: জেলার মিঠাপুকুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। শুক্রবার ভোরের এ ঘটনায় পুলিশ প্রাইভেট কারসহ তিনজনকে আটক করেছে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনে ডাকাতি করে রংপুরে ফিরছিল।

নিহত তিনজন হলেন- ময়মনসিংহের রিপন মিয়া (৩৫) ও শরীয়তপুরের আনোয়ার হোসেন (৩৬) ও আহমেদ আলী (৩৫)। আর আটক তিনজন হলেন- শরীয়তপুরের রনি মিয়া (৩২), গাজীপুরের আজাদ রহমান (৩৫) ও মাদারীপুরের ফরহাদ রহমান (৩৬)।

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে শঠিবাড়ি ফিলিং স্টেশনে ডাকাতি করে রংপুরে যাওয়ার পথে ঢাকা-রংপুর মহাসড়কের বলদীপুকুর এলাকায় হাইওয়ে পুলিশ একটি প্রাইভেট কারের গতিরোধ করলে গাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এরপর ডাকাতেরা গাড়ি থেকে নেমে ধারাল অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে আনোয়ার হোসেন, রিপন মিয়া ও আহমেদ আলী গুলিবিদ্ধ হন।

তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রথম দুজন মারা যান। আর দুপুর দেড়টার দিকে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আহমেদ আলী মারা যান।

হাসপাতালের উপপরিচালক আবদুস সালাম তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, ডাকাতদের ধারাল অস্ত্রের আঘাতে তাদের চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম, এসআই সুমন পারভেজ, কনস্টেবল আবদুল হামিদ ও জিয়ারুল ইসলাম।

আটক ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল, একটি ছোরা, গাড়ির একাধিক নম্বর প্লেট ও এক লাখ ১৯ হাজার ৩৮৪ টাকা পাওয়া গেছে বলেও দাবি পুলিশের।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পেট্রল পাম্পের ব্যবস্থাপক মাহফুজ হোসেন সাংবাদিকদের জানান, ‘ঘটনার সময় তার ছোট ভাই মাসুদ রানা ও আরেকজন পাম্পে ছিল। ডাকাতেরা তাদের বেঁধে রেখে এক লাখ ১৯ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়।’

Comments